চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল
দি নিউজ লায়ন; ঘরের মাঠে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল পাঁচ বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু লড়াই যতটা সহজ হবে ভেবেছিল ততটা হয়নি। এক গোল করে সেই ব্যবধান রাখতেই লড়াই করতে হয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত ওই এক গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। চিলিকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার শেষ চারে উঠেছে তিতের ব্রাজিল। আজ শনিবার অনুষ্ঠিত ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লুকাস।
এদিন ম্যাচের প্রধামার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে। এরপর বিরতি থেকে ফিরে দলকে উদ্ধার করেন লুকাস। ম্যাচটির প্রথমার্ধে ব্রাজিলের চেয়ে লড়াইয়ে কোনো অংশে কম ছিল না চিলি। বরং বেশিরভাগ সময় বল দখলে রেখেছে চিলিই। আগেভাগে আক্রমণেও যায় চিলি। তবে শেষ পর্যন্ত আক্রমণে দুদলই ছিল প্রায় সমানে-সমান। ব্রাজিল ১০বার শট নেয়, চিলি নেয় ১১বার। তবে দুলেরই সমান পাঁচটি শট ছিল অনটার্গেটে যাওয়ার মতো।
এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম আক্রমণে ওঠে চিলি। যদিও ভার্গাসের শট প্রতিহত করেন এডারসন। পাঁচ মিনিট পর প্রতি আক্রমণে ওঠে ব্রাজিল। সতীর্থদের বাড়ানো বল ধরে রিচার্লিসন লেফট উইং থেকে দূরপাল্লার শট নেন তিনি। কিন্তু বল সরাসরি চলে যায় চিলির গোলরক্ষকের হাতে। ২২ মিনিটের মাথায় নেইমারের ক্রস থেকে বল ধরার চেষ্টা করেন ফিরমিনো। তবে টাইমিং ঠিকঠাক না হওয়ায় আক্রমণে যেতে পারেননি ফিরমিনো।
এরপর প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে গোল না আসলে শূন্য হাতেই বিরতিতে যায় ব্রাজিল-চিলি। বিরতি থেকে ফিরেই গোল পেয়ে যায় ব্রাজিল। ৪৬ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সতীর্থের পাস পেয়ে বল বাড়িয়ে দেন নেইমার। বল পেয়ে চিলির ছোট ডি বক্সে নিয়ে হালকা ঠেলে দিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস। এর কিছুক্ষণের মাথায় ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল।
৪৮ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে হাই ফুট করে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের বাকি সময় ১০জনকে নিয়েই লড়াই করতে হয় স্বাগতিকদের। ১০ জনের ব্রাজিলকে পেয়ে বেশ আগ্রাসী হয়ে ওঠে চিলি। আক্রমণে গিয়ে গোলও করে ফেলে দলটি। কিন্তু অফসাইড হয়ে গেলে গোলটি বাতিল হয়ে যায়। শেষ দিকে বেশ কয়েকবার আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। দুদলের খেলোয়াড়রা ফাউল করে হলুদ কার্ডও দেখেন বেশ কয়েকবার। কিন্তু জালের দেখা পায়নি চিলি।
শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। চলতি কোপা আমেরিকায় বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে ‘এ’ গ্রুপের চার নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট পায় চিলি। ব্রাজিল নিজেদের গ্রুপ পর্বের চার ম্যাচের ৩টিতে জয় তুলে নিয়েছে ও ১টি ম্যাচ ড্র করেছে। চিলি ৪ ম্যাচের ১টি জিতেছে, ২টি ড্র করেছে ও ১টি হেরেছে।

Post a Comment